দক্ষিণ বঙ্গোপসাগরে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ অবস্থান করায় দেশের কিছু এলাকায় বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) প্রকাশিত ১২০ ঘণ্টার পূর্বাভাসে, আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছার সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়— লঘুচাপটি দক্ষিণ বঙ্গোপসাগরে রয়েছে এবং এর বিস্তৃতি উত্তরপূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত ছড়িয়েছে। অন্যদিকে উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের একটি অংশ বিহার ও আশপাশের এলাকায় অবস্থান করছে।
শুক্রবার সকাল ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা:
সারা দেশে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে, তবে দিনের তাপমাত্রা সামান্য বাড়ার সম্ভাবনা রয়েছে।
শনিবার (২৮ ফেব্রুয়ারি):
দেশব্যাপী আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। দিন ও রাত—উভয় সময়ের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে।
রোববার (১ মার্চ):
সিলেট বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যত্র আবহাওয়া শুষ্ক থাকতে পারে। দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
সোমবার (২ মার্চ):
সিলেটে বিচ্ছিন্নভাবে বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। দেশের অন্যান্য অঞ্চলে আংশিক মেঘলা আকাশসহ শুষ্ক আবহাওয়া বিরাজ করতে পারে। দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে।
মঙ্গলবার (৩ মার্চ):
সিলেট বিভাগের কিছু স্থানে বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যত্র শুষ্ক আবহাওয়া থাকতে পারে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।
সংস্থাটি জানিয়েছে, আগামী পাঁচ দিনে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধির প্রবণতা থাকতে পারে।
এসআর
মন্তব্য করুন: