[email protected] শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬
১৪ ফাল্গুন ১৪৩২

হাতিয়ায় এমপি হান্নান মাসউদের গাড়িবহরে হামলার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারি ২০২৬ ৩:৪৭ পিএম

সংগৃহীত ছবি

নোয়াখালীর হাতিয়ায় নির্বাচন-পরবর্তী সহিংসতায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে গিয়ে হামলার অভিযোগ তুলেছেন সংসদ সদস্য হান্নান মাসউদ।

ঘটনাকে কেন্দ্র করে তার সমর্থক ও প্রতিপক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের খবর পাওয়া গেছে। এতে অন্তত দুজন আহত হয়েছেন বলে স্থানীয় সূত্র জানিয়েছে।


বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরের দিকে উপজেলার চানন্দী ইউনিয়নের প্রকল্প বাজার এলাকায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, পরিদর্শনকালে হঠাৎ করে একদল ব্যক্তি এমপির গাড়িবহর লক্ষ্য করে হামলা চালায়। খবর ছড়িয়ে পড়লে তার সমর্থকরাও ঘটনাস্থলে জড়ো হন এবং উভয়পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।


আহত দুজনকে হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে বলে জানা গেছে।
ঘটনার একপর্যায়ে এমপি হান্নান মাসউদ সড়কে অবস্থান নেন। বর্তমানে দুই পক্ষই সড়কের দুই পাশে অবস্থান করায় এলাকায় টানটান পরিস্থিতি বিরাজ করছে।


এ বিষয়ে হান্নান মাসউদ অভিযোগ করেন, বেলাল মাঝির নেতৃত্বে একটি সশস্ত্র দল তাদের ওপর হামলা চালিয়েছে। তিনি বলেন, অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার না করা পর্যন্ত তিনি অবস্থান চালিয়ে যাবেন। অতীতেও একই ব্যক্তি সহিংস ঘটনায় জড়িত ছিলেন বলেও দাবি করেন তিনি।


অভিযোগের বিষয়ে বেলাল মাঝির বক্তব্য জানতে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ ঘটনাস্থলে রয়েছে এবং আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে কাজ করছে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর