[email protected] শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬
১৫ ফাল্গুন ১৪৩২

নিখোঁজের দুদিন পর ব্রহ্মপুত্র থেকে ভেসে উঠল কলেজছাত্র শাওনের মরদেহ

এ.এস.এম হামিদ হাসান, কটিয়াদী উপজেলা প্রতিনিধি

প্রকাশিত: ২১ ফেব্রুয়ারি ২০২৬ ২:০৯ পিএম

কলেজছাত্র শাওন

নিখোঁজের দুই দিন পর ময়মনসিংহে ব্রহ্মপুত্র নদ থেকে আনন্দ মোহন কলেজের শিক্ষার্থী নুরুল্লাহ শাওন (২৫)–এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে নগরীর ব্যাটবল চত্বর সংলগ্ন ব্রহ্মপুত্র নদের তীর থেকে তার মরদেহটি উদ্ধার করা হয় বলে পুলিশ জানিয়েছে।

নিহত শাওন কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার জালালপুর ইউনিয়নের চরঝাকালিয়া গ্রামের মৃত রফিকুল ইসলামের ছেলে। তিনি ময়মনসিংহ শহরের আনন্দ মোহন কলেজের রসায়ন বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন।


পুলিশ ও সহপাঠী সূত্রে জানা যায়, বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে জয়নুল আবেদিন উদ্যান এলাকা থেকে শাওন ও তার বন্ধু মঞ্জুরুল আহসান রিয়াদ ব্রহ্মপুত্র নদের অপর পাড়ে ঘুরতে যান। সন্ধ্যার দিকে সাত সদস্যের একটি কিশোর ছিনতাইকারী দল তাদের ঘিরে ধরে টাকা-পয়সা দাবি করে।

দুই বন্ধু জানালে যে তাদের কাছে নৌকা ভাড়ার টাকা ছাড়া কিছু নেই, তখন তাদের মারধর করা হয়। একপর্যায়ে শাওন প্রতিবাদ করলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। পরে দুজনই দৌড়ে পালানোর চেষ্টা করেন। মঞ্জুরুল নদীতে নেমে সাঁতরে ওপারে উঠতে সক্ষম হলেও শাওনের আর খোঁজ মেলেনি।


পরে স্থানীয়দের সহায়তায় অভিযুক্তদের একজনকে আটক করে থানায় সোপর্দ করা হয়। রাতেই বন্ধুরা শাওনের খোঁজে বিভিন্ন স্থানে অনুসন্ধান চালালেও তাকে পাওয়া যায়নি।


পরদিন সকালে নদীর তীরে শাওনের ব্যাগ ও জুতা পাওয়া যায়। ফায়ার সার্ভিসের ডুবুরি দল নিয়ে পুলিশ নদীতে তল্লাশি চালালেও সেদিন কোনো সন্ধান মেলেনি। এ ঘটনায় শাওনের মা শাহিদা বেগম বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন। সাতজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করে দেওয়া অভিযোগটি পরে মামলায় রূপান্তরিত হয়।


ঘটনার প্রত্যক্ষদর্শী বন্ধু মঞ্জুরুল আহসান বলেন, “সন্ধ্যার পর ছিনতাইকারীরা আমাদের ঘিরে ধরে। আমরা মোবাইল দিতে চাইলেও তারা মারধর করে। আত্মরক্ষায় আলাদা দিকে দৌড় দিই। আমি নদী সাঁতরে উঠতে পারলেও শাওনকে আর দেখতে পাইনি।


ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুস সাকিব জানান, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

প্রাথমিকভাবে শরীরে আঘাতের চিহ্ন আছে কি না তা নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় সন্দেহভাজন এক কিশোরকে গ্রেপ্তার করা হয়েছে এবং অন্যদের আটকের চেষ্টা চলছে।


অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন বলেন, মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে। জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে।


ঘটনার পর শুক্রবার রাত থেকেই আনন্দ মোহন কলেজ ও আশপাশের বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। তারা অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার ও বিচার দাবি জানান।
পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার বিকাল পাঁচটায় নিজ গ্রাম চরঝাকালিয়া ঈদগাহ মাঠে শাওনের জানাজা অনুষ্ঠিত হবে।
শাওনের অকাল মৃত্যুর খবরে পরিবার, সহপাঠী ও এলাকায় শোকের আবহ নেমে এসেছে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর