[email protected] শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
৪ বৈশাখ ১৪৩৩

ভালুকায় মসজিদের পানির ট্যাংকিতে বিষ মেশানোর অভিযোগ, এলাকায় উদ্বেগ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারি ২০২৬ ৫:৫৮ পিএম

সংগৃহীত ছবি

ভালুকা উপজেলার একটি মসজিদের পানির ট্যাংকিতে বিষ জাতীয় পদার্থ মেশানোর অভিযোগকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

শুক্রবার আছরের নামাজের সময় ঘটনাটি সামনে আসে।

জানা গেছে, পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বড়চালা জামে মসজিদে অযু করতে গিয়ে কয়েকজন মুসল্লি পানিতে তীব্র ও অস্বাভাবিক গন্ধ অনুভব করেন।

বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় সঙ্গে সঙ্গে ট্যাংকির পানি ব্যবহার বন্ধ করে দেওয়া হয় এবং অন্যদের সতর্ক করা হয়।


পরে মসজিদ কমিটির সদস্যরা ট্যাংকি পরিদর্শন করে ভেতরে একটি সন্দেহজনক বোতল দেখতে পান বলে জানান। ধারণা করা হচ্ছে, ওই বোতলের মাধ্যমেই পানিতে ক্ষতিকর পদার্থ মেশানো হতে পারে। তবে এ বিষয়ে নিশ্চিত হতে পরীক্ষার প্রয়োজন রয়েছে।


মসজিদ পরিচালনা কমিটির সহ-সভাপতি এম এইচ তুহিন বলেন, বিষয়টি অত্যন্ত উদ্বেগজনক। খবর পাওয়ার পরপরই কমিটির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে ট্যাংকি পরীক্ষা করেন এবং একটি সন্দেহভাজন বোতল উদ্ধার করেন।


ঘটনার পর স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ বিষয়ে প্রশাসনকে অবহিত করা হয়েছে বলে জানা গেছে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে এবং দায়ীদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

এসআর

সম্পর্কিত খবর