[email protected] শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬
১৫ ফাল্গুন ১৪৩২

কটিয়াদীতে বিএনপি প্রার্থীর সমর্থনে শেষ নির্বাচনী জনসমাবেশ

কটিয়াদি উপজেলা প্রতিনিধি

প্রকাশিত: ১০ ফেব্রুয়ারি ২০২৬ ১২:১৮ পিএম

সংগৃহীত ছবি

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কিশোরগঞ্জ-২ (কটিয়াদী–পাকুন্দিয়া) আসনে বিএনপির মনোনীত প্রার্থী অ্যাডভোকেট জালাল উদ্দীনের পক্ষে নির্বাচনী জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেল চারটায় ঐতিহ্যবাহী কটিয়াদী সরকারি কলেজ মাঠে এ জনসভা অনুষ্ঠিত হয়।

সমাবেশে কটিয়াদী ও পাকুন্দিয়া উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।

উপজেলা বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন খাঁন দিলীপের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির মনোনীত প্রার্থী অ্যাডভোকেট জালাল উদ্দীন।


এ সময় আরও বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক সহসভাপতি রুহুল আমিন আকিল, আশফাক আহমেদ জুন, শহীদুজ্জামান কাকনসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপির সিনিয়র নেতারা।

পাশাপাশি কটিয়াদী ও পাকুন্দিয়া উপজেলার মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার, সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়ের নেতৃবৃন্দ এবং নির্বাচনী জোটের শরিক দলগুলোর প্রতিনিধিরাও সভায় উপস্থিত ছিলেন।


জনসভায় অ্যাডভোকেট জালাল উদ্দীন বলেন, বিএনপি ক্ষমতায় গেলে নারীদের স্বাবলম্বী করতে ফ্যামিলি কার্ড চালু করা হবে।

পাশাপাশি বেকারদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি ও বিভিন্ন ভাষা শেখার ব্যবস্থা করা হবে, যাতে তারা দেশ-বিদেশে কাজের সুযোগ পেতে পারে। তিনি জানান, কৃষকদের জন্য কৃষক কার্ড চালুর মাধ্যমে স্বল্পমূল্যে সার ও কীটনাশক সরবরাহ নিশ্চিত করা হবে।


তিনি আরও বলেন, “আমি আমার প্রাপ্য পেয়েছি, এখন জনগণের প্রাপ্য অধিকার নিশ্চিত করতেই আপনাদের কাছে এসেছি।

আপনারা আমাকে নির্বাচিত করলে আপনাদের সুখে-দুঃখে আমার দরজা সবসময় খোলা থাকবে।


এ সময় কটিয়াদী ও পাকুন্দিয়ার মানুষের সার্বিক উন্নয়ন এবং এলাকার সমস্যার সমাধানে নিজেকে সবসময় নিয়োজিত রাখার অঙ্গীকার করেন তিনি।


অনুষ্ঠানে উপস্থিত অন্যান্য বক্তারা আসন্ন নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থীর বিজয় নিশ্চিত করতে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার আহ্বান জানান।

সব ধরনের বিভেদ ভুলে ধানের শীষ প্রতীকের প্রার্থীকে বিজয়ী করার প্রত্যাশাও ব্যক্ত করেন তারা।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর