[email protected] শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬
১৫ ফাল্গুন ১৪৩২

ডিপি ওয়ার্ল্ড ইস্যুতে চট্টগ্রাম বন্দরে টানা কর্মবিরতি, পণ্য ওঠানামা বন্ধ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১ ফেব্রুয়ারি ২০২৬ ২:৫১ পিএম

সংগৃহীত ছবি

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনালের (এনসিটি) পরিচালনার দায়িত্ব বিদেশি প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডকে দেওয়ার সিদ্ধান্তের বিরোধিতায় টানা দ্বিতীয় দিনের মতো কর্মবিরতিতে নেমেছেন বন্দর শ্রমিক ও কর্মচারীরা।

রোববার (১ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে শুরু হওয়া এ কর্মসূচির ফলে বন্দরের বিভিন্ন জেটিতে জাহাজ থেকে পণ্য ও কনটেইনার লোড-আনলোড কার্যক্রম কার্যত বন্ধ হয়ে গেছে। একই সঙ্গে বন্দরের ভেতরে কোনো পণ্যবাহী যানবাহনও প্রবেশ করতে পারছে না।

প্রথম দিন জাতীয়তাবাদী শ্রমিকদলের ব্যানারে কর্মসূচি শুরু হলেও পরে তা ‘বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ’-এর ব্যানারে চালিয়ে নেওয়া হয়।

সংগ্রাম পরিষদের সমন্বয়ক ও শ্রমিক নেতা হুমায়ুন কবির জানান, শ্রমিক-কর্মচারীরা স্বতঃস্ফূর্তভাবে সব ধরনের কাজ থেকে বিরত রয়েছেন। সকাল থেকে বিভিন্ন জেটি পরিদর্শন করে কোথাও কাজ চলতে দেখা যায়নি। বিকাল ৪টা পর্যন্ত কর্মবিরতি চলবে এবং এরপর পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।

অন্যদিকে, বন্দর সংশ্লিষ্টরা জানিয়েছেন, শ্রমিক না থাকায় জেটিতে কাজের জন্য বুকিং দেওয়া সম্ভব হয়নি। ফলে দ্বিতীয় দিনেও পণ্য ওঠানামার কার্যক্রম বন্ধ রয়েছে।

প্রথম দিনের কর্মবিরতির পর বন্দর কর্তৃপক্ষ চারজন আন্দোলনকারীকে তাৎক্ষণিকভাবে বদলি করে এবং রাজস্ব ক্ষতির পরিমাণ নির্ধারণে ছয় সদস্যের একটি কমিটি গঠন করে।

এদিকে, উদ্ভূত পরিস্থিতির কারণে চট্টগ্রাম মহানগর পুলিশ বন্দর ও আশপাশের এলাকায় শনিবার রাত ১২টা থেকে এক মাসের জন্য সব ধরনের সভা-সমাবেশ ও মিছিল নিষিদ্ধ করেছে। রোববার কর্মবিরতির সময় শ্রমিকরা কোনো মিছিল বা সমাবেশে অংশ নেয়নি।

শ্রমিক নেতা হুমায়ুন কবির বলেন, আইন মেনেই শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করা হচ্ছে। কর্মবিরতি শেষে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর