[email protected] শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
৪ বৈশাখ ১৪৩৩

গাজীপুরে সাবেক কৃষক দল নেতার মৃত্যু, হামলার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১ ফেব্রুয়ারি ২০২৬ ৬:২৪ এএম

সংগৃহীত ছবি

গাজীপুরের কাপাসিয়া উপজেলায় হেলাল উদ্দিন (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

শনিবার রাতে চাঁদপুর ইউনিয়নের কোটবাজালিয়া বাজার এলাকায় তার ওপর হামলার ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

নিহত হেলাল উদ্দিন কাপাসিয়া উপজেলা কৃষক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন। তিনি কোটবাজালিয়া গ্রামের বাসিন্দা এবং মৃত আব্দুল লতিফের ছেলে।

প্রাপ্ত তথ্যে জানা যায়, শনিবার রাতে বাড়ি ফেরার পথে কোটবাজালিয়া এলাকায় অজ্ঞাতনামা কয়েকজন ব্যক্তি দেশীয় অস্ত্র ও শাবল দিয়ে পেছন দিক থেকে তার ওপর আঘাত করে পালিয়ে যায়। এতে তিনি গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। রোববার সকাল আনুমানিক ১০টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কৃষক দল গাজীপুর জেলা শাখার সদস্য সচিব ফকির ইস্কান্দার আলম জানু জানান, হেলাল উদ্দিন দলের একজন সাবেক নেতা ছিলেন। তার মৃত্যুতে তারা গভীর শোক ও নিন্দা জানিয়েছেন।

স্থানীয় এক বাসিন্দা জানান, পারিবারিক বিরোধের জের ধরে এ হামলার ঘটনা ঘটে থাকতে পারে। এ বিষয়ে কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহীনুর আলম বলেন, প্রাথমিকভাবে পারিবারিক দ্বন্দ্ব থেকেই ঘটনাটি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। নিহতের ভাতিজার সঙ্গে মোবাইল চুরি সংক্রান্ত বিষয়ে আগের দিন তার কথা কাটাকাটি হয়েছিল।

তিনি আরও জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের প্রস্তুতি নেওয়া হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

এসআর

সম্পর্কিত খবর