[email protected] শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬
১৫ ফাল্গুন ১৪৩২

ধর্ম বা জাত নয়, মানুষের অধিকারই রাজনীতির মূল লক্ষ্য—তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩১ জানুয়ারি ২০২৬ ৭:৩৪ পিএম

সংগৃহীত ছবি

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, রাজনীতির কেন্দ্রবিন্দুতে ধর্ম বা জাতপাত নয়, দেশের সাধারণ মানুষই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, বিএনপি শান্তিপূর্ণ সহাবস্থানে বিশ্বাস করে এবং সব ধর্ম ও বর্ণের মানুষকে সঙ্গে নিয়ে একটি ন্যায়ভিত্তিক সমাজ গড়তে চায়। মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করাই তাদের রাজনীতির প্রধান উদ্দেশ্য।

তিনি আরও বলেন, দীর্ঘ সময় ধরে যারা ভোটাধিকার ও মতপ্রকাশের স্বাধীনতার দাবিতে আন্দোলন করেছেন, তারা নানা নির্যাতনের শিকার হয়েছেন। সিরাজগঞ্জের মেরির মতো অনেকেই প্রতিবাদ করতে গিয়ে স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। এসব ত্যাগ কোনো ব্যক্তিগত স্বার্থে নয়, বরং দেশের মানুষের অধিকার পুনঃপ্রতিষ্ঠার জন্যই ছিল বলে মন্তব্য করেন তিনি।

তারেক রহমান বলেন, জনগণের সরকার প্রতিষ্ঠা করা গেলে তবেই দেশের প্রকৃত সমস্যা সমাধান সম্ভব হবে। এজন্য শুধু সভা-সমাবেশ নয়, নির্দিষ্ট দিনে সবাইকে ঐক্যবদ্ধ ও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

শনিবার (৩১ জানুয়ারি) বিকেলে সিরাজগঞ্জ সদর উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়নের বিসিক শিল্পপার্ক এলাকায় আয়োজিত এক বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তারেক রহমান। প্রায় দুই দশক পর তার সিরাজগঞ্জ সফরকে ঘিরে নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়।

জনসভায় তার সঙ্গে উপস্থিত ছিলেন তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। নেতার আগমনে মাঠজুড়ে করতালি ও স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।

সকাল থেকেই জেলার বিভিন্ন স্থান থেকে মিছিল নিয়ে নেতাকর্মীরা জনসভাস্থলে জড়ো হতে থাকেন। বিকেল গড়ানোর আগেই মাঠে উপচে পড়া ভিড় দেখা যায়। জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদের সভাপতিত্বে আয়োজিত এ সভায় দলের কেন্দ্রীয় ও আঞ্চলিক পর্যায়ের একাধিক নেতা বক্তব্য দেন এবং সংশ্লিষ্ট আসনগুলোর প্রার্থীদের পরিচয় তুলে ধরা হয়।

উল্লেখ্য, এর আগে ২০০৬ সালের ডিসেম্বরে সর্বশেষ সিরাজগঞ্জ সফরে এসেছিলেন তারেক রহমান।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর