[email protected] শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬
১৫ ফাল্গুন ১৪৩২

নির্বাচনী দায়িত্বে অবহেলা- রাজনগর উপজেলা বিএনপি সভাপতিকে শোকজ

মৌলভীবাজার জেলা প্রতিনিধি

প্রকাশিত: ৩১ জানুয়ারি ২০২৬ ১:০০ পিএম

নুরুল ইসলাম সেলুন

দলীয় শৃঙ্খলা ও দায়িত্ব পালনে ব্যর্থতার অভিযোগে মৌলভীবাজারের রাজনগর উপজেলা বিএনপির সভাপতি নুরুল ইসলাম সেলুনকে কারণ দর্শানোর নোটিস দিয়েছে জেলা বিএনপি।

জাতীয় নির্বাচনের গুরুত্বপূর্ণ সময়ে সংগঠনিক কর্মকাণ্ডে অনুপস্থিত থাকায় তার বিরুদ্ধে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
জেলা বিএনপির পক্ষ থেকে জানানো হয়, গত ৩০ জানুয়ারি ২০২৬ তারিখে জারি করা শোকজ নোটিসে নুরুল ইসলাম সেলুনের বিরুদ্ধে দলীয় নীতি ও আদর্শ লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে।

নোটিসে জেলা বিএনপির আহ্বায়ক মো. ফয়জুল করিম ময়নু এবং সদস্য সচিব আব্দুর রহিম রিপনের স্বাক্ষর রয়েছে।
নোটিসে উল্লেখ করা হয়, নির্বাচনী প্রচারণার সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়ে উপজেলা সভাপতির দায়িত্বে থাকা সত্ত্বেও নুরুল ইসলাম সেলুন হঠাৎ করে এলাকায় অনুপস্থিত হয়ে পড়েন।

অভিযোগ অনুযায়ী, তিনি মায়ের চিকিৎসার কথা বলে টানা তিন দিন দুটি মোবাইল ফোন বন্ধ রেখে যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থায় ছিলেন। এর ফলে রাজনগর উপজেলায় বিএনপির প্রার্থীর নির্বাচনী কার্যক্রমে সমন্বয়হীনতা সৃষ্টি হয়।


জেলা বিএনপির দাবি, এই সুযোগে প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলের প্রার্থীরা প্রচারণা জোরদার করলেও বিএনপির সাংগঠনিক তৎপরতা দুর্বল হয়ে পড়ে।

বিশেষ করে কয়েকটি ইউনিয়নে দলের অবস্থান ঝুঁকিপূর্ণ হয়ে উঠলেও উপজেলা সভাপতি হিসেবে সেলুন কাউকে অবহিত না করেই দায়িত্ব থেকে সরে যান, যা সংগঠনের জন্য ক্ষতিকর বলে উল্লেখ করা হয়েছে।


নোটিসে তার এ আচরণকে দায়িত্বজ্ঞানহীন ও স্বেচ্ছাচারী আখ্যা দিয়ে বলা হয়, এমন কর্মকাণ্ড দল কখনোই মেনে নেয় না। তাকে ৪৮ ঘণ্টার মধ্যে লিখিতভাবে নিজের অবস্থান ব্যাখ্যা করার নির্দেশ দেওয়া হয়েছে।

নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক জবাব না পেলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও সতর্ক করা হয়েছে।


এ ঘটনায় জাতীয় নির্বাচনের প্রাক্কালে মৌলভীবাজার জেলা বিএনপির ভেতরের সাংগঠনিক চাপ ও সংকটের চিত্র ফুটে উঠেছে। যদিও স্থানীয় নেতাকর্মীদের একটি অংশ এটিকে দলীয় শৃঙ্খলা বজায় রাখার উদ্যোগ হিসেবে দেখছেন।

তবে এ বিষয়ে বিএনপির কেন্দ্রীয় নেতৃত্বের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর