বগুড়ায় বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও কিশোরদের সহায়তায় হুইলচেয়ার বিতরণ করা হয়েছে।
শুক্রবার (৩০ জানুয়ারি) দুপুরে শহরের ছিলিমপুর এলাকার একটি চার তারকা হোটেলে এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমানও এ সময় শিশু-কিশোরদের মাঝে হুইলচেয়ার বিতরণ করেন। সিএসএফ গ্লোবালের চেয়ারম্যান এম এ মুহিতের সঞ্চালনায় আয়োজিত এই অনুষ্ঠানে সংগঠনটির পক্ষ থেকে শিশু-কিশোররা নিজেদের তৈরি হস্তশিল্প উপহার দেয়। পাশাপাশি তারা দেশাত্মবোধক গান পরিবেশন করে।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তারেক রহমান বলেন, সমাজে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের অনেক সময় অবহেলার চোখে দেখা হয়, যা কাম্য নয়। তাদের মধ্যে অসাধারণ প্রতিভা রয়েছে। সমাজের সব ধরনের বাধা দূর করে তাদের ভবিষ্যৎ গঠনে সম্পৃক্ত করা প্রয়োজন।
ডা. জুবাইদা রহমান বলেন, শিশুদের সৃজনশীলতা ও প্রতিভা দেখে তিনি মুগ্ধ। গান, আবৃত্তি ও লেখালেখির মাধ্যমে তারা নিজেদের প্রকাশ করছে। তিনি জানান, এসব শিশুদের পাশে থাকার পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য ও খেলাধুলার উন্নয়নের মাধ্যমে একটি আধুনিক দেশ গড়ার লক্ষ্যেই তারা কাজ করতে চান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সভাপতি ও সাবেক মেয়র রেজাউল করিম বাদশা, জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও বগুড়া-৪ আসনের মনোনীত প্রার্থী মোশারফ হোসেনসহ দলের অন্যান্য নেতৃবৃন্দ।
এসআর
মন্তব্য করুন: