আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী নূরুল ইসলাম বুলবুল জনগণের প্রত্যাশা ও এলাকার উন্নয়ন পরিকল্পনাকে ভিত্তি করে তার ঘোষিত জনতার ইশতেহার তুলে ধরেছেন।
ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে তিনি বলেন, সুশাসন ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিতের মাধ্যমে একটি আধুনিক, উন্নত ও পরিবর্তনমুখী চাঁপাইনবাবগঞ্জ গড়ে তোলাই তার প্রধান লক্ষ্য।
নিরাপদ ও বাসযোগ্য জেলা হিসেবে চাঁপাইনবাবগঞ্জকে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
নূরুল ইসলাম বুলবুল জানান, বেকারত্ব সমস্যার সমাধানে ভাতা নয়, বরং দক্ষতা উন্নয়ন ও প্রশিক্ষণের মাধ্যমে টেকসই কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্ব দেওয়া হবে। একই সঙ্গে শিক্ষকদের মানোন্নয়ন ও শিক্ষার গুণগত উৎকর্ষ বৃদ্ধিতে কার্যকর পদক্ষেপ গ্রহণের অঙ্গীকার করেন তিনি।
তার ইশতেহারে উল্লেখ করা হয়, চাঁপাইনবাবগঞ্জকে একটি শিক্ষা-কেন্দ্রিক জেলা হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। জেলা সদর ও ইউনিয়ন পর্যায়ে গণপরিবহন ব্যবস্থা চালু, গুরুত্বপূর্ণ সড়ক সম্প্রসারণ, আধুনিক ড্রেনেজ ব্যবস্থা ও ফুটপাত নির্মাণের উদ্যোগ নেওয়া হবে।
নদীভাঙন রোধে স্থায়ী বাঁধ নির্মাণ, চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকাগামী আন্তঃনগর ট্রেন চালু ও ট্রেনসংখ্যা বৃদ্ধির কথাও জানান তিনি। মহানন্দা নদীর পানি বরেন্দ্র অঞ্চলে সরবরাহের মাধ্যমে কৃষি উৎপাদন বাড়ানোর পরিকল্পনার কথাও তুলে ধরেন জামায়াত প্রার্থী।
এছাড়া চাঁপাইনবাবগঞ্জ পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করা এবং দিয়ার অঞ্চলকে পৃথক উপজেলা হিসেবে গড়ে তোলার প্রস্তাব দেন তিনি। শিল্প ও বাণিজ্য নগরী হিসেবে জেলার সম্ভাবনা কাজে লাগানো, স্বচ্ছ ও জনবান্ধব প্রশাসন, উন্নত স্বাস্থ্যসেবা, কৃষক-শ্রমিক কল্যাণ এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন নূরুল ইসলাম বুলবুল।
তিনি আরও বলেন, তরুণ সমাজের ক্ষমতায়ন, কর্মসংস্থান সৃষ্টি, প্রযুক্তিনির্ভর উন্নয়ন, ভিশন ২০৪০ বাস্তবায়ন এবং গ্রিন টাউন ও ক্লিন টাউন হিসেবে চাঁপাইনবাবগঞ্জকে গড়ে তোলা হবে।
জনতার ইশতেহার ঘোষণার সময় উপস্থিত ছিলেন জামায়াতের সাবেক সংসদ সদস্য অধ্যাপক মোঃ লতিফুর রহমান, জেলা আইনজীবী সমিতির সভাপতি মোহাম্মদ ইসাহাক প্রমুখ।
এসআর
মন্তব্য করুন: