কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় পারিবারিক জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে ভাতিজার ধারালো অস্ত্রের আঘাতে এক ব্যক্তি নিহত হয়েছেন।
এ ঘটনায় নিহতের ছেলেও গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সন্ধ্যায় ঢাকার একটি বিশেষায়িত হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মাহমুদুর রহমান কামাল (৫৫) নামে ওই ব্যক্তির মৃত্যু হয়। তিনি কটিয়াদী উপজেলার আচমিতা ইউনিয়নের পশ্চিম ভিটাদিয়া গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্র জানায়, মাহমুদুর রহমান কামাল আচমিতা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও সাবেক ইউপি সদস্য ছিলেন।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে মাহমুদুর রহমান কামালের সঙ্গে তার বড় ভাই, ভিটাদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক জালাল উদ্দিনের জমি সংক্রান্ত বিরোধ চলছিল। বিষয়টি নিয়ে একাধিকবার বিরোধ ও কথা কাটাকাটি হলেও কোনো স্থায়ী সমাধান হয়নি।
ঘটনার দিন সকালে জমি নিয়ে দুই ভাইয়ের মধ্যে আবারও বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে জালাল উদ্দিনের ছেলে সাদ্দাম হোসেন সিদ্দিক তার চাচা মাহমুদুর রহমান কামালকে টেঁটা দিয়ে মাথায় আঘাত করেন।
একই সময় কামালের ছেলে কাকনকেও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। এতে দুজনই গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে কটিয়াদী সরকারি হাসপাতালে নিয়ে যান।
সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে দুজনকেই উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় মাহমুদুর রহমান কামালের মৃত্যু হয়।
কটিয়াদী মডেল থানার ওসি (তদন্ত) মো. হাবিবুল্লাহ খান জানান, জমি সংক্রান্ত বিরোধের জেরে এ হামলার ঘটনা ঘটে। নিহতের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় কিছুটা উত্তেজনা দেখা দিলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে বলেও তিনি জানান।
এসআর
মন্তব্য করুন: