[email protected] শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬
১৫ ফাল্গুন ১৪৩২

তিন দফা আহ্বান ঈশ্বরগঞ্জ-৮ আসনে বিএনপি প্রার্থীর

ঈশ্বরগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২৯ জানুয়ারি ২০২৬ ১:২৬ এএম

সংগৃহীত ছবি

ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ-৮ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী লুৎফুল্লাহেল মাজেদ বাবু গণসংযোগে অংশ নিয়ে ভোটারদের কাছে তিন দফা আহ্বান করেন।

দফাগুলে হলো দোয়া, সার্বিক সহযোগিতা আর ভোট।

গণসংযোগকালে তিনি বলেন, ঈশ্বরগঞ্জ একসময় উন্নয়নের ধারায় যুক্ত হওয়ার সম্ভাবনা রাখলেও দীর্ঘদিন ধরে অনুপযুক্ত ও দায়বদ্ধতাহীন নেতৃত্বের কারণে সে সুযোগ হারিয়েছে। জনগণের ভোটের ওপর নির্ভরশীল না থাকায় স্থানীয় অবকাঠামো, বিশেষ করে রাস্তাঘাটের বেহাল দশা তৈরি হয়েছে, যা জনজীবনকে দুর্ভোগে ফেলেছে।


শিক্ষা ব্যবস্থার প্রসঙ্গ টেনে তিনি বলেন, স্কুল, কলেজ ও মাদ্রাসাগুলোতে শিক্ষার পরিবেশ ক্রমেই নষ্ট হয়েছে। ফলাফল হিসেবে ঝরে পড়া ও ফেল করা শিক্ষার্থীর সংখ্যা বাড়ছে, যা ভবিষ্যৎ প্রজন্মকে অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে।


ভোটারদের উদ্দেশে তিনি প্রতিশ্রুতি দিয়ে বলেন, একজন সাধারণ মানুষ হিসেবে যদি জনগণ তাকে নির্বাচিত করেন, তবে গত ১৭ বছরে যেসব উন্নয়ন হয়নি, সেগুলো আগামী পাঁচ বছরে বাস্তবায়নে সর্বোচ্চ আন্তরিকতা ও জবাবদিহিতার সঙ্গে কাজ করবেন।


সমাজে মাদকের বিস্তার নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, পাড়া-মহল্লায় মাদক একটি বড় সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে। নির্বাচনের পর দল-মত নির্বিশেষে সমাজের সচেতন মানুষদের ঐক্যবদ্ধ হয়ে মাদক কারবারিদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।


স্বাস্থ্যসেবার চিত্র তুলে ধরে তিনি জানান, গত ১৭ বছরে বহু মানুষ ক্যান্সারের মতো দুরারোগ্যে যথাযথ চিকিৎসা না পেয়ে প্রাণ হারিয়েছেন। অসংখ্য দরিদ্র মানুষ ন্যায্য সেবা থেকে বঞ্চিত হয়েছেন। এসব মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের দায়িত্ব নেওয়াই তার রাজনীতির মূল উদ্দেশ্য।


তিনি আরও বলেন, পাঁচ বছর পর যদি জনগণ মনে করেন তিনি প্রতিশ্রুতি রক্ষা করতে ব্যর্থ হয়েছেন, তবে ভবিষ্যতে যেন আর কখনো তাকে ভোট না দেওয়া হয়- এটাই তার খোলা অঙ্গীকার।


বক্তব্যের শেষাংশে তিনি দেশে-বিদেশে অবস্থানরত সকল ঈশ্বরগঞ্জবাসীর প্রতি শুভেচ্ছা জানিয়ে বলেন, তিনি ক্ষমতার মোহে নয়, কাজ করার ইচ্ছা নিয়েই জনগণের সামনে এসেছেন। ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, যেন তারা বিবেকের আলোকে সত্য ও উন্নয়নের পক্ষে রায় দেন।


গণসংযোগে অংশ নেওয়া অনেক সাধারণ মানুষ বলেন, লুৎফুল্লাহেল মাজেদ বাবু সবসময় সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করেন বলেই তারা তার প্রতি আস্থা ও ভালোবাসা রাখেন।
পরিশেষে তিনি ঈশ্বরগঞ্জকে আবার এগিয়ে নেওয়ার প্রত্যয়ে সবার সহযোগিতা কামনা করে বক্তব্য শেষ করেন।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর