চট্টগ্রামের রাউজান উপজেলায় একটি গভীর নলকূপের খোলা গর্তে পড়ে গেছে মিসবাহ নামের তিন বছর বয়সী এক শিশু।
বুধবার (২৮ জানুয়ারি) বিকেলে উপজেলার কদলপুর ইউনিয়নের জয়নগর গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
স্থানীয়দের বরাতে জানা যায়, খেলতে খেলতে অসাবধানতাবশত শিশুটি বাড়ির পাশের একটি খোলা নলকূপের গর্তে পড়ে যায়। বিষয়টি নজরে আসার সঙ্গে সঙ্গেই পরিবারের সদস্যরা ও এলাকাবাসী দ্রুত ফায়ার সার্ভিসে খবর দেন।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে। গর্তটির গভীরতা এখনো নিশ্চিত হওয়া যায়নি বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুল ইসলাম জানান, বিকেল আনুমানিক ৪টার দিকে শিশুটি দুর্ঘটনার শিকার হয়। উদ্ধারকাজ চলমান রয়েছে এবং প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হচ্ছে।
উল্লেখ্য, এর আগে গত বছরের ডিসেম্বরে রাজশাহীর তানোর উপজেলায় একই ধরনের ঘটনায় এক শিশু নলকূপের গর্তে পড়ে যায়। দীর্ঘ উদ্ধার অভিযানের পর তাকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়নি, যা দেশজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছিল।
এসআর
মন্তব্য করুন: