[email protected] শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬
১৫ ফাল্গুন ১৪৩২

বিএনপির সমালোচনায় পাল্টা প্রশ্ন তারেক রহমানের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৭ জানুয়ারি ২০২৬ ৮:১৪ পিএম

সংগৃহীত ছবি

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, একটি রাজনৈতিক দল বর্তমানে পলাতক স্বৈরশাসকের ব্যবহৃত ভাষায় বিএনপিকে আক্রমণ করছে এবং দাবি করছে— বিএনপি নাকি দুর্নীতিতে শীর্ষে ছিল।

এ প্রসঙ্গে তিনি প্রশ্ন তোলেন, ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত বিএনপি নেতৃত্বাধীন সরকারের সময়ে ওই দলটিরই তো দুজন প্রতিনিধি মন্ত্রিসভায় ছিলেন। বিএনপি যদি এতটাই দুর্নীতিগ্রস্ত হতো, তাহলে তারা কেন তখন মন্ত্রিত্ব ছেড়ে সরে যাননি?


মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেলে ময়মনসিংহ জেলা সার্কিট হাউস মাঠে আয়োজিত এক নির্বাচনী সমাবেশে তিনি এসব কথা বলেন। বিকেল ৪টা ৩ মিনিটে স্ত্রী ডা. জোবায়দা রহমানকে সঙ্গে নিয়ে তিনি মঞ্চে উপস্থিত হন।


সমাবেশে বক্তব্যের একপর্যায়ে তারেক রহমান ময়মনসিংহ বিভাগের ২৪টি সংসদীয় আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থীদের মঞ্চে ডাকেন এবং উপস্থিত জনতার সঙ্গে তাদের পরিচয় করিয়ে দেন।


তিনি বলেন, ওই দুই মন্ত্রী পদত্যাগ করেননি, কারণ তারা জানতেন তৎকালীন প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া কঠোরভাবে দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন। তাদের জানা ছিল, তিনি কখনোই দুর্নীতিকে প্রশ্রয় দেন না। আন্তর্জাতিক বিভিন্ন সূচক অনুযায়ী, পরবর্তী স্বৈরাচারী সরকারের আমলে দেশ ভয়াবহ দুর্নীতিতে ডুবে যায়। কিন্তু ২০০১ সালে বেগম খালেদা জিয়া দায়িত্ব নেওয়ার পর থেকে পরিস্থিতি ধীরে ধীরে পরিবর্তন হতে শুরু করে।


তারেক রহমান আরও বলেন, যারা আজ বিএনপিকে দায়ী করছে, তারা নিজেরাই সরকারের শুরু থেকে শেষ পর্যন্ত তাদের মন্ত্রীদের পদে বহাল রেখেছিল। এটাই প্রমাণ করে তাদের বর্তমান বক্তব্য সত্য নয়।
নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ভোটের দিন সবাই তাহাজ্জুদের নামাজ আদায় করে একসঙ্গে কেন্দ্রে যাবেন, ফজরের নামাজ শেষে লাইনে দাঁড়িয়ে ভোট দেবেন। শুধু ভোট দিয়েই দায়িত্ব শেষ নয়— ফলাফল ঘোষণার আগ পর্যন্ত কেন্দ্রে নজর রাখতে হবে, যেন কোনোভাবেই ভোট ছিনতাই না হয়।


আগামী ১২ তারিখ ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ভোটের পর এলাকাবাসীর সঙ্গে খাল খনন কর্মসূচিতে আবার দেখা হবে। সে দিন সবাই কোদাল হাতে নিয়ে আসবেন, তিনিও সেখানে উপস্থিত থাকবেন।


সমাবেশ শুরুর আগে স্থানীয় নেতাকর্মীরা নানা স্লোগানে তারেক রহমানকে স্বাগত জানান। ‘তারেক রহমানের আগমন, শুভেচ্ছা স্বাগতম’ ও ‘আগামী দিনের প্রধানমন্ত্রী তারেক রহমান’— এমন স্লোগানে মুখর হয়ে ওঠে মাঠ। ময়মনসিংহের পক্ষ থেকে তাকে লাল গোলাপ উপহার দেওয়া হয়। মঞ্চে ওঠার পর স্থানীয় নেতারা তারাকান্দাকে পৌরসভায় উন্নীত করার দাবি তুলে ধরেন।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর