আন্তর্জাতিক ক্লিন এনার্জি দিবস উপলক্ষে কুড়িগ্রামে মানববন্ধন কর্মসূচি পালন করেছে সচেতন নাগরিক কমিটি (সনাক), কুড়িগ্রাম।
কর্মসূচিতে জ্বালানি খাতে সুশাসন প্রতিষ্ঠা এবং নবায়নযোগ্য জ্বালানিতে দ্রুত রূপান্তরের আহ্বান জানানো হয়।
সোমবার (২৬ জানুয়ারি) সকালে কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর অনুপ্রেরণায় গঠিত সনাকের উদ্যোগে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা ‘পরবর্তী প্রজন্মের ভবিষ্যৎ সুরক্ষায় এখনই নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে হবে’ এবং ‘জীবাশ্ম জ্বালানির বিকল্প হিসেবে নবায়নযোগ্য জ্বালানি একটি পরিবেশবান্ধব, ন্যায়সঙ্গত ও টেকসই সমাধান’—এমন বার্তা সংবলিত স্লোগান তুলে ধরেন।
এ সময় জ্বালানি খাতে সুশাসন নিশ্চিত এবং নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তর ত্বরান্বিত করতে সংশ্লিষ্ট অংশীজনদের বিবেচনার জন্য টিআইবি’র পক্ষ থেকে ৯ দফা সুপারিশ উপস্থাপন করা হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন সনাক সদস্য একেএম সামিউল হক নান্টু ও রওশন আরা চৌধুরী, কুড়িগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহফুজার রহমান খন্দকার, জেলা জলবায়ু পরিষদের সভাপতি চাষী নুরুন্নবী সরকার, টিআইবি’র এরিয়া কো-অর্ডিনেটর সৌমেন দাস, বেসরকারি সংস্থা ইএসডিও’র প্রোগ্রাম ম্যানেজার গোলাম ফারুক, টিআইবি’র ইয়েস দলনেতা ছাদেকুল ইসলাম এবং ইয়েস সদস্য সাগর মিয়াসহ অন্যরা।
বক্তারা বলেন, বাংলাদেশে নবায়নযোগ্য জ্বালানির উৎপাদন ও ব্যবহারে স্পষ্ট নীতিমালা, নির্ধারিত লক্ষ্যমাত্রা এবং কার্যকর বাস্তবায়ন এখন সময়ের দাবি। জ্বালানি খাতে সুশাসন নিশ্চিত করা না গেলে টেকসই উন্নয়ন অর্জন ও জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলা কঠিন হয়ে পড়বে বলেও তারা মত প্রকাশ করেন।
কর্মসূচি শেষে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে আন্তর্জাতিক ক্লিন এনার্জি দিবস সম্পর্কিত তথ্যপত্র বিতরণ করেন টিআইবি’র ইয়েস সদস্যরা।
এসআর
মন্তব্য করুন: