[email protected] শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬
১৫ ফাল্গুন ১৪৩২

কটিয়াদীতে বিএনপির গণমিছিল ও জনসভা

কটিয়াদি উপজেলা প্রতিনিধি

প্রকাশিত: ২৫ জানুয়ারি ২০২৬ ১০:৫৮ পিএম

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় ধানের শীষ প্রতীকের পক্ষে জনমত গঠনের লক্ষ্যে গণমিছিল ও সমাবেশ করেছে উপজেলা বিএনপি।

রোববার বিকেল ৫টায় কটিয়াদী বাসস্ট্যান্ড এলাকার পেট্রোল পাম্পের সামনে থেকে গণমিছিলটি শুরু হয়।

মিছিলটি কটিয়াদী বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। পরে সেখানে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।


সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র তোফাজ্জল হোসেন খান দিলীপ। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান মিঠু ও শফিকুল ইসলাম ফুলু। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কিশোরগঞ্জ-২ (কটিয়াদী–পাকুন্দিয়া) আসনে বিএনপির মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ জালাল উদ্দিন।


প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট জালাল উদ্দিন বলেন, জনগণ পরিবর্তনের জন্য প্রস্তুত। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, জনগণের ব্যাপক সমর্থনে ধানের শীষ প্রতীক এবার বিপুল ভোটে বিজয়ী হবে, ইনশাআল্লাহ।


সমাবেশে আরও বক্তব্য দেন কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সভাপতি ও জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি রুহুল আমিন আকিল, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. শহিদুজ্জামান কাকন, সুপ্রিম কোর্টের সহকারী অ্যাটর্নি জেনারেল আশিকুজ্জামান নজরুল, কটিয়াদী উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ডা. জহর লাল সাহা, সহ-সভাপতি মিজানুর রহমান স্বপন, শেখ জসিম উদ্দিন মেনুসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা।


সমাবেশে অংশ নিতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা পৃথক মিছিল নিয়ে উপস্থিত হন। এতে কটিয়াদী ও পাকুন্দিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিপুলসংখ্যক নেতাকর্মীর অংশগ্রহণে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর