[email protected] শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬
১৫ ফাল্গুন ১৪৩২

কটিয়াদীতে গণঅধিকার পরিষদের শতাধিক নেতাকর্মীর জামায়াতে যোগদান

এ.এস.এম হামিদ হাসান, কটিয়াদী উপজেলা প্রতিনিধি

প্রকাশিত: ২৫ জানুয়ারি ২০২৬ ২:২৪ পিএম

সংগৃহীত ছবি

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় গণঅধিকার পরিষদের বিভিন্ন স্তরের নেতাকর্মীসহ নানা শ্রেণি-পেশার শতাধিক ব্যক্তি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।

শনিবার (২৪ জানুয়ারি) বিকেল থেকে গভীর রাত পর্যন্ত উপজেলার চান্দপুর ইউনিয়নের দুর্গাপুর গ্রামে বীর মুক্তিযোদ্ধা ও বিএনপির সাবেক সংসদ সদস্য, সদ্য জামায়াতে যোগ দেওয়া মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জনের নিজ বাসভবনে এ যোগদান কার্যক্রম অনুষ্ঠিত হয়।

তার উপস্থিতিতে আগত ব্যক্তিরা জামায়াতের সহযোগী সদস্য ফরম পূরণ করে সদস্যপদ গ্রহণ করেন।


জানা গেছে, গত ১৩ ডিসেম্বর বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাতের মাধ্যমে জামায়াতে যুক্ত হন সাবেক এমপি মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জন।

এরপর থেকেই তিনি ঢাকা ও নিজ নির্বাচনী এলাকায় দলীয় বিভিন্ন সভা, সমাবেশ ও কর্মসূচিতে নিয়মিত অংশগ্রহণ করে বক্তব্য দিয়ে আসছেন। পাশাপাশি কিশোরগঞ্জ-২ (কটিয়াদী–পাকুন্দিয়া) আসনে জামায়াত মনোনীত ১০ দলীয় জোটের প্রার্থীর পক্ষে নির্বাচনী কার্যক্রমেও সক্রিয় ভূমিকা রাখছেন।


এর আগে বৃহস্পতিবার তিনি ঢাকার একটি আসনে জামায়াতে ইসলামীর প্রার্থীর পক্ষে আয়োজিত নির্বাচনী জনসভায় বক্তব্য দেন এবং নিজ এলাকার নেতাকর্মী ও সমর্থকদের দলটিতে যোগ দেওয়ার আহ্বান জানান।


তার সেই আহ্বানের পরিপ্রেক্ষিতে শুক্রবার কটিয়াদী উপজেলার বিভিন্ন এলাকা থেকে রাজনৈতিক কর্মী, সুশীল সমাজের প্রতিনিধি, পেশাজীবী, ব্যবসায়ী, সাবেক ইউপি সদস্য এবং দুজন সনাতন ধর্মাবলম্বী ব্যক্তিসহ দুই শতাধিক মানুষ জামায়াতে ইসলামীতে যুক্ত হন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।


শনিবারের যোগদান কর্মসূচিতে গণঅধিকার পরিষদের নেতা সৈয়দ আলীউজ্জামান, মো. স্বপন মিয়া, মো. রফিকুল ইসলাম, মো. মোয়াজ্জেম হোসেন, মিজানুর রহমান, মো. লিটন মিয়া, মোখলেছুর রহমান দাদন, আনোয়ার হোসেনসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের শতাধিক ব্যক্তি অংশ নেন।


নবাগত সদস্যরা বলেন, দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতায় ইসলামী আদর্শনির্ভর রাজনীতি জনগণের প্রত্যাশা পূরণে সক্ষম হবে—এই বিশ্বাস থেকেই তারা জামায়াতে ইসলামীতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।


এ বিষয়ে মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জন বলেন, দেশ ও মানুষের কল্যাণে আদর্শভিত্তিক রাজনীতি প্রতিষ্ঠার লক্ষ্যেই তিনি জামায়াতে ইসলামীতে যুক্ত হয়েছেন। তিনি আরও বলেন, দেশকে সঠিক পথে পরিচালিত করতে হলে সৎ, যোগ্য ও আদর্শনিষ্ঠ নেতৃত্ব প্রয়োজন।

সেই লক্ষ্যেই তিনি কাজ করে যাচ্ছেন এবং তার আহ্বানে সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে সাড়া দিচ্ছেন।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর