আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জ-২ (নাচোল- গোমস্তাপুর–ভোলাহাট) আসনে বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ্ব আমিনুল ইসলাম নাচোলে নির্বাচনী কার্যক্রম জোরদার করেছেন।
বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) সকালে নাচোল উপজেলার ঝিকড়া গ্রামে দোয়া ও মোনাজাতের মাধ্যমে তার নির্বাচনী প্রচারণার আনুষ্ঠানিক সূচনা হয়। এ সময় স্থানীয় বিএনপি নেতাকর্মী, সমর্থক ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যায়।
দোয়া মাহফিল শেষে প্রার্থী আমিনুল ইসলাম উপজেলার বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন। পরে বিকেলে উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মী ব্যানার ও ফেস্টুন হাতে নাচোল বাসস্ট্যান্ড এলাকায় দলীয় কার্যালয়ের সামনে জড়ো হন।
সেখান থেকে একটি নির্বাচনী পথসভা শুরু হয়ে রেলস্টেশন হাট চাতাল প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
পথসভা চলাকালে পুরো বাজার এলাকাজুড়ে ধানের শীষের পক্ষে স্লোগানে মুখরিত হয়ে ওঠে নাচোল। নেতাকর্মীদের উপস্থিতি ও সাধারণ মানুষের আগ্রহে এলাকাজুড়ে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ।
রেলস্টেশন হাট চাতাল প্রাঙ্গণে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট মইনুল ইসলাম। সভা পরিচালনা করেন জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হাসান ইমতিয়াজ।
প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব আমিনুল ইসলাম বলেন,
“জনগণের সমর্থন নিয়েই আমি নির্বাচনী মাঠে নেমেছি। সবাইকে আহ্বান জানাই - ধানের শীষে ভোট দিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে শরিক হোন। প্রচারণা চলাকালে অবশ্যই শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে হবে এবং কোনোভাবেই নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করা যাবে না।”
তিনি আরও বলেন, “নাচোল, গোমস্তাপুর ও ভোলাহাট—এই তিন উপজেলার মানুষের জীবনমান উন্নয়নে আমি কাজ করতে চাই।
শিক্ষা, স্বাস্থ্যসেবা, কৃষি ও কর্মসংস্থানকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।”
নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, সব ধরনের মতভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধভাবে মাঠে থাকতে হবে। বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের কাছে ধানের শীষে ভোট চাইতে হবে। এই নির্বাচন কেবল একটি দলের নয়, এটি মানুষের অধিকার প্রতিষ্ঠার নির্বাচন।
আলোচনা সভায় আরও বক্তব্য দেন উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
পথসভা ও সভাকে কেন্দ্র করে নাচোল বাজার এলাকায় সাধারণ ভোটার, ব্যবসায়ী ও পথচারীদের ব্যাপক ভিড় লক্ষ্য করা যায়।
অনেকেই প্রার্থীর বক্তব্য মোবাইলে ধারণ করতে দেখা যায়। এতে পুরো এলাকায় নির্বাচনী আমেজ আরও জোরালো হয়েছে।
এসআর
মন্তব্য করুন: