নোয়াখালীর সদর উপজেলার আন্ডারচর ইউনিয়নে পুলিশের যৌথ অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের শীর্ষ নেতা রমিজ ও তার পিতা আমিনুল হককে গ্রেফতার করা হয়েছে।
অভিযানের সময় তাদের কাছ থেকে দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সন্ধ্যায় নোয়াখালী জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান জেলা অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মো. আরিফ হোসেন।
তিনি জানান, জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও সুধারাম মডেল থানা পুলিশের সমন্বয়ে আন্ডারচর ইউনিয়নের পশ্চিম মাইজচরা গ্রামের আবুল কাশেমের বাড়িতে অভিযান চালানো হয়।
এ সময় তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ও ভূমিদস্যু মো. রমিজকে একটি দেশীয় ওয়ান শুটার গান, একটি দোনালা পাইপগান এবং পাঁচ রাউন্ড কার্তুজসহ আটক করা হয়। একই অভিযানে তার পিতা মো. আমিনুল হককেও গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত রমিজের বিরুদ্ধে হত্যা ও ডাকাতিসহ মোট ১৮টি মামলা রয়েছে। এর মধ্যে সাতটি মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি ছিল।
তিনি দীর্ঘদিন ধরে এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন এবং একটি আন্তঃজেলা ডাকাত দলের নেতৃত্ব দিচ্ছিলেন।
এদিকে, তার পিতা মো. আমিনুল হকের বিরুদ্ধেও হত্যা ও ডাকাতিসহ আটটি মামলা রয়েছে, যার মধ্যে ছয়টিতে গ্রেফতারি পরোয়ানা ছিল বলে জানিয়েছে পুলিশ।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) লিয়াক আকবর, সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম, জেলা গোয়েন্দা শাখার ওসি আশরাফ উদ্দিনসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
পুলিশ আরও জানায়, মো. রমিজের বিরুদ্ধে অস্ত্র আইনে সুধারাম মডেল থানায় নতুন মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। তাকে আদালতে সোপর্দ করে রিমান্ড আবেদন করা হবে।
এসআর
মন্তব্য করুন: