মানিকগঞ্জ-১ আসনে গণঅধিকার পরিষদের (জিওপি) মনোনীত সংসদ সদস্য প্রার্থী মোহাম্মদ ইলিয়াছ হোসাইন প্রতীক বরাদ্দ পাওয়ার পর থেকেই নির্বাচনী প্রচারণা জোরদার করেছেন।
ট্রাক প্রতীক হাতে পাওয়ার সঙ্গে সঙ্গে তিনি এলাকায় গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন।
প্রচারণার অংশ হিসেবে তিনি বিভিন্ন হাটবাজার, গ্রাম ও গুরুত্বপূর্ণ স্থানে গিয়ে সাধারণ ভোটারদের সঙ্গে সরাসরি কথা বলেন। কুশল বিনিময়ের পাশাপাশি তিনি স্থানীয়দের কাছ থেকে এলাকার সমস্যা, উন্নয়ন চাহিদা ও প্রত্যাশার কথা শোনেন।
এ সময় ইলিয়াছ হোসাইন বলেন, গণঅধিকার পরিষদ মানুষের অধিকার প্রতিষ্ঠার রাজনীতি করে। তিনি বলেন, ভোটাধিকার দেশের প্রতিটি নাগরিকের সাংবিধানিক ও মৌলিক অধিকার, যা কোনো প্রকার চাপ কিংবা প্রলোভনের মাধ্যমে নষ্ট করা উচিত নয়।
তিনি আরও জানান, সাধারণ মানুষের অধিকার সংরক্ষণ, দুর্নীতিমুক্ত প্রশাসন গঠন এবং ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যেই তিনি নির্বাচনী মাঠে নেমেছেন।
জনগণের ভালোবাসা ও সমর্থন পেলে বিজয় অর্জন সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
প্রচারণাকালে গণঅধিকার পরিষদের স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত থেকে প্রার্থীর সঙ্গে মাঠপর্যায়ের কার্যক্রমে অংশ নেন।
এসআর
মন্তব্য করুন: