[email protected] শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬
১৫ ফাল্গুন ১৪৩২

আব্দুল মান্নান স্যারের চিরবিদায়ে অশ্রুসজল বানারীপাড়া

বরিশাল জেলা প্রতিনিধি

প্রকাশিত: ২১ জানুয়ারি ২০২৬ ৩:১৯ পিএম

সংগৃহীত ছবি

বরিশালের বানারীপাড়া সরকারি মডেল ইউনিয়ন ইনস্টিটিউশন (পাইলট) বিদ্যালয়ের সাবেক শিক্ষক ও প্রখ্যাত শিক্ষাবিদ আব্দুল মান্নানের ইন্তেকালে গোটা বানারীপাড়াজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।

বুধবার (২১ জানুয়ারি) ভোর রাতে তিনি না ফেরার দেশে পাড়ি জমান।

পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার রাত আনুমানিক ৩টা ৪০ মিনিটে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

বিষয়টি নিশ্চিত করেছেন তাঁর জ্যেষ্ঠ সন্তান বানারীপাড়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ হাবিবুর রহমান, যিনি সামাজিক যোগাযোগমাধ্যমে বাবার মৃত্যুসংবাদ জানান।


শিক্ষক আব্দুল মান্নান ছিলেন এমন একজন মানুষ, যিনি দীর্ঘ শিক্ষকতা জীবনে জ্ঞান, নৈতিকতা ও মানবিকতার আলো ছড়িয়ে দিয়েছেন অসংখ্য শিক্ষার্থীর মাঝে।

শ্রেণিকক্ষের গণ্ডি পেরিয়ে সমাজ গঠন ও মানুষ তৈরিতে তাঁর অবদান স্থানীয়ভাবে ব্যাপকভাবে স্বীকৃত। তাঁর প্রয়াণে শুধু শিক্ষাঙ্গন নয়, পুরো এলাকাবাসী গভীরভাবে শোকাহত।


ব্যক্তিজীবনে সদালাপী, বিনয়ী ও মিষ্টভাষী এই শিক্ষক পাঠ্যবইয়ের শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের সৎ, দায়িত্বশীল ও মানবিক মানুষ হিসেবে গড়ে তোলার চেষ্টা করেছেন। নৈতিকতা, সহানুভূতি ও সততার শিক্ষা দিয়ে তিনি বহু শিক্ষার্থীর জীবনে অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছেন।


হিসাববিজ্ঞান বিভাগের এই অভিজ্ঞ শিক্ষক ও পথপ্রদর্শকের রেখে যাওয়া আদর্শ ও কর্মধারা বানারীপাড়ার মানুষের হৃদয়ে দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে। তাঁর মৃত্যুতে শিক্ষাপ্রতিষ্ঠানে তৈরি হয়েছে অপূরণীয় শূন্যতা।


এদিকে তাঁর ইন্তেকালে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে।

এলাকাবাসী তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন।


আজ বুধবার বাদ আসর বানারীপাড়া হাইস্কুল প্রাঙ্গণে তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর