[email protected] শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬
১৫ ফাল্গুন ১৪৩২

তারেক রহমানের উদ্যোগে নতুন ঘরে আফিয়া, দায়িত্ব নিল বিএনপি

যশোর জেলা প্রতিনিধি

প্রকাশিত: ২০ জানুয়ারি ২০২৬ ৭:৪৭ পিএম

সংগৃহীত ছবি

যশোরের আলোচিত শিশু আফিয়া ও তার মায়ের জন্য একটি নতুন ঘর হস্তান্তর করা হয়েছে।

জেলা বিএনপির উদ্যোগে যশোর সদর উপজেলার বাজুয়াডাঙ্গা গ্রামে আয়োজিত এই অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান পরিবারটির পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।


সোমবার আয়োজিত অনুষ্ঠানে বক্তব্যে তারেক রহমান বলেন, গ্রামবাংলার মানুষের চিকিৎসাসেবা সহজলভ্য করতে প্রতিটি গ্রামে স্বাস্থ্যসেবা কেন্দ্র গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।

তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যেভাবে পল্লী চিকিৎসা ব্যবস্থার মাধ্যমে সাধারণ মানুষের দোরগোড়ায় চিকিৎসা পৌঁছে দিয়েছিলেন, বিএনপি ক্ষমতায় গেলে সেই ধারাবাহিকতায় দেশের কোনো রোগীকে আর হাসপাতালের বারান্দায় চিকিৎসা নিতে হবে না।

তিনি আফিয়ার মাকে উদ্দেশ করে বলেন, তিনি একা নন—বিএনপি সবসময় এই পরিবারের পাশে থাকবে। পাশাপাশি তিনি জানান, সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিতে প্রতিটি পরিবারকে ‘চিকিৎসা কার্ড’ দেওয়ার পরিকল্পনা রয়েছে, যার মাধ্যমে শিশু থেকে বয়স্ক—সবাই চিকিৎসা সুবিধা পাবেন।

আফিয়ার পড়াশোনা ও সার্বিক দেখভালের দায়িত্বও জেলা বিএনপি নেবে বলে জানান তিনি।


তারেক রহমান আরও বলেন, উজানের পানি ও ভারী বর্ষণে সৃষ্ট জলাবদ্ধতা নিরসনে শহীদ জিয়ার খাল খনন কর্মসূচি পুনরায় চালু করা হবে।

বিএনপি রাষ্ট্রক্ষমতায় এলে দেশজুড়ে খাল খনন কার্যক্রম শুরু হবে, যাতে অল্প বৃষ্টিতেই সাধারণ মানুষকে ভোগান্তিতে পড়তে না হয়। পাশাপাশি শিক্ষিত নারীদের আর্থিকভাবে স্বাবলম্বী করতে দলটির দীর্ঘমেয়াদি পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি।
অনুষ্ঠান শেষে মোনাজাত করা হয়।

পরে বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম নতুন ঘরের তালা খুলে আফিয়ার মায়ের হাতে চাবি তুলে দেন। ঘরের সঙ্গে খাটসহ প্রয়োজনীয় আসবাবপত্রও উপহার দেওয়া হয়।


প্রসঙ্গত, যশোর সদর উপজেলার বাজুয়াডাঙ্গা গ্রামের বাসিন্দা শিশু আফিয়া ও তার মা মনিরাকে ফেলে রেখে চলে যান আফিয়ার বাবা মোজাফফর।

গায়ের রং নিয়ে ভুল ধারণা থেকে তিনি শিশুটিকে নিজের সন্তান হিসেবে অস্বীকার করেন। চরম অসহায় অবস্থায় থাকা এই পরিবারের পাশে দাঁড়ান তারেক রহমান।

বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিতের তত্ত্বাবধানে ঘর নির্মাণের কাজ সম্পন্ন হয় এবং সোমবার তা আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।


অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যশোর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার রবিউল ইসলামসহ দল ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা।

অনুষ্ঠান সঞ্চালনা করেন সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আঞ্জারুল হক খোকন।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর