আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-১ আসনে জাতীয় পার্টির প্রার্থী ব্যারিস্টার মঞ্জুম
আলীর মনোনয়নপত্র আপিলে বৈধ ঘোষণা করা হয়েছে। নির্বাচন কমিশনে শুনানি শেষে শনিবার তার প্রার্থিতা পুনর্বহাল করা হয়।
এর আগে হলফনামায় দ্বৈত নাগরিকত্ব সংক্রান্ত তথ্য উল্লেখের বিষয়টি নিয়ে গত ১ জানুয়ারি যাচাই-বাছাইয়ে রংপুর জেলার রিটার্নিং কর্মকর্তা তার মনোনয়ন বাতিল করেছিলেন। পরে এ সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করেন মঞ্জুম আলী।
প্রথম দফার শুনানিতে মনোনয়ন বহাল না থাকলেও পুনর্বিবেচনার আবেদন করার পর অষ্টম দিনের শুনানিতে কমিশন তার মনোনয়নপত্র বৈধ বলে রায় দেয়।
মনোনয়ন ফিরে পাওয়ার খবরে রংপুর-১ আসনে জাতীয় পার্টির নেতা-কর্মী ও সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস দেখা গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে তারা কৃতজ্ঞতা প্রকাশের পাশাপাশি নির্বাচনে বিজয়ের আশাবাদ ব্যক্ত করেন।
জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এস এম ইয়াসির বলেন, হলফনামায় সামান্য ত্রুটির কারণেই মনোনয়ন বাতিল হয়েছিল। নির্বাচন কমিশন সেটি সংশোধন করে বৈধ ঘোষণা করায় তারা সন্তোষ প্রকাশ করেন এবং সবার জন্য সমান নির্বাচনী পরিবেশ নিশ্চিতের দাবি জানান।
ব্যারিস্টার মঞ্জুম আলী অতীতে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। যুক্তরাজ্যে দলীয় রাজনীতির অভিজ্ঞতা থাকা এই নেতা সম্প্রতি জাতীয় পার্টিতে যোগ দেন। তিনি স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল হাদির বড় ভাই।
রংপুর-১ আসনে বৈধ প্রার্থীদের তালিকায় আরও রয়েছেন বিএনপি, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলনসহ বিভিন্ন দলের প্রার্থীরা। গঙ্গাচড়া উপজেলা ও সিটি কর্পোরেশনের ৯টি ওয়ার্ড নিয়ে গঠিত এই আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৭৫ হাজার ২২৭ জন।
এসআর
মন্তব্য করুন: