[email protected] শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
৪ বৈশাখ ১৪৩৩

টাঙ্গাইলে অপসাংবাদিকতা প্রতিরোধে গণমাধ্যমকর্মীদের প্রশিক্ষণ কর্মশালা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪ জানুয়ারি ২০২৬ ৭:৫২ এএম

সংগৃহীত ছবি

গণমাধ্যমে অপসাংবাদিকতা রোধ এবং দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন নিশ্চিত করার লক্ষ্যে টাঙ্গাইলে দিনব্যাপী একটি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৪ জানুয়ারি) টাঙ্গাইল সার্কিট হাউজের কনফারেন্স হলে আয়োজিত এ কর্মশালায় জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশগ্রহণ করেন।

বাংলাদেশ প্রেস কাউন্সিলের উদ্যোগে এই প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মশালায় সভাপতিত্ব করেন টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সঞ্জয় কুমার মহন্ত।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি একেএম আব্দুল হাকিম।

বিশেষ অতিথি ছিলেন টাঙ্গাইলের পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার। প্রশিক্ষণের বিভিন্ন সেশন পরিচালনা করেন প্রেস কাউন্সিলের সচিব (উপ-সচিব) মো. আব্দুস সবুর।


কর্মশালায় আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে সংবাদ পরিবেশনে পেশাগত নৈতিকতা ও নিরপেক্ষতার গুরুত্ব তুলে ধরা হয়।

এ সময় নির্বাচনকালীন সংবাদ প্রচারে প্রেস কাউন্সিল প্রণীত আচরণবিধি অনুসরণ, প্রেস কাউন্সিল অ্যাক্ট-১৯৭৪-এর কার্যকারিতা এবং দায়িত্বশীল সাংবাদিকতার প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করা হয়।


এছাড়াও সাংবাদিকদের জন্য প্রযোজ্য আচরণবিধি-১৯৯৩ (২০০২ সালে সংশোধিত), তথ্য অধিকার আইন-২০০৯, সাংবাদিক কল্যাণ ট্রাস্ট আইন-২০১৪ এবং সাইবার সুরক্ষা অধ্যাদেশ-২০২৫ সম্পর্কে বিস্তারিত ধারণা প্রদান করা হয়।


প্রধান অতিথির বক্তব্যে বিচারপতি একেএম আব্দুল হাকিম বলেন, সাংবাদিক সমাজের মধ্যে ঐক্য বজায় রাখা সময়ের দাবি।

বিভক্ত অবস্থায় কোনো জাতি বা পেশা এগিয়ে যেতে পারে না। তাই গণমাধ্যমকর্মীদের মধ্যে পারস্পরিক ঐক্য ও দায়িত্ববোধ অপরিহার্য।


তিনি আরও বলেন, সাংবাদিকতা একটি স্বাধীন পেশা। নির্দিষ্ট কোনো গণমাধ্যম বা সংগঠনের সঙ্গে যুক্ত না থেকেও ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে দেশ ও সমাজের কল্যাণে কাজ করার সুযোগ রয়েছে।

সাংবাদিকতার জন্য প্রেসক্লাব বা সংগঠনের সদস্য হওয়া বাধ্যতামূলক নয় বলেও তিনি উল্লেখ করেন।


প্রশিক্ষণ কর্মশালায় টাঙ্গাইল প্রিন্ট মিডিয়া অ্যাসোসিয়েশন ও টাঙ্গাইল সাংবাদিক ইউনিয়নের সদস্যরা অংশগ্রহণ করেন। কর্মশালা শেষে অংশগ্রহণকারী সাংবাদিকদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।

এসআর

সম্পর্কিত খবর